সুন্দর একটি সমাজ গড়ি, মাদককে না বলিমাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে নগরকান্দায় মানববন্ধন

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারের ঘোষিত মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে দেশের যুবসমাজ সামাজিক ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকিতে পড়ছে। তাই মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বুলবুল সরদারসহ অন্যান্য বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, যুবসমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। মাদক ব্যবসা ও এর বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানান। এ সময় তারা ‘সুন্দর একটি সমাজ গড়ি, মাদককে না বলি’সহ বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।
মানববন্ধন থেকে বক্তারা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের দ্রুত, কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ইউ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.









