দ্বিতীয় আসামি গ্রেফতারঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূ হত্যা

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে একটি বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায়কে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে গ্রেফতার করেছে র্যাব-১০। দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঝালকাঠি সদর থানা পুলিশ জানায়, মামলার প্রধান আসামি রিতোষ একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তদন্তে জানা গেছে, রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা বাইরে থাকার সুযোগে তিনি সহযোগী জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে সঙ্গে নিয়ে দ্বিতীয় তলায় তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দরজা ভাঙার শব্দে গৃহবধূ মলিনা রায় বিষয়টি টের পেয়ে রিতোষকে চিনে ফেলেন। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় দুই আসামি তার মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে মুখে একটি বাজারের ব্যাগ গুঁজে শ্বাসরোধে হত্যা করে। ঘটনাটিকে সাধারণ চুরির ঘটনা হিসেবে দেখানোর জন্য প্রধান আসামি নিজের ভাড়া করা বাসাটিও এলোমেলো করে রেখে যায়। পরে তারা বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যায়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রিতোষকে গ্রেফতার করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রধান আসামির দেওয়া তথ্য এবং ঝালকাঠি সদর থানা পুলিশের অনুরোধের ভিত্তিতে র্যাব-১০ দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে গ্রেফতার করে। পরে তাকে ঝালকাঠিতে আনা হয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মলিনা রায় হত্যা মামলায় দ্বিতীয় আসামি গ্রেফতারের মধ্য দিয়ে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তদন্ত শেষে দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টদের আশা।
ইউ

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.







