চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত এবং ৮টি মামলার পরোয়ানাভুক্ত এক দুর্ধর্ষ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আফতাব উদ্দিন (৫২)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১জুলাই) দিবাগত রাত পৌনে ৮টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন বনানী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় ১৩ বছরের সাজাপ্রাপ্ত এবং ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএস