গণভোটের রায় উপেক্ষা করে সরকার ভুল পথে হাঁটছে: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত
গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় উপেক্ষা করে সরকার ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
বুধবার (১৫ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘জুলাই অভ্যুত্থানের চেতনা: সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বলেন, "গত ১২ ফেব্রুয়ারি গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার জুলাই সনদের ৮৪টি ঐকমত্যের বিষয়ে ম্যান্ডেট দিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান দেখানো সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু সরকার সেই জনরায় বাস্তবায়ন না করে সংবিধান সংশোধনের নামে জনগণের প্রত্যাশা থেকে সরে এসেছে।"
তিনি আরও বলেন, "ক্ষমতায় যাওয়ার পর জুলাই সনদের বাধ্যবাধকতা অস্বীকার করা জাতির সঙ্গে প্রতারণা ও দ্বিচারিতার শামিল। বর্তমান সরকার সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ কমিটি গঠন করেছে, তা প্রকৃত সংস্কারের উদ্যোগ নয়। যেকোনো সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে।"
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কর্তৃক বর্তমান সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যানের বিষয়টির উল্লেখ করে তিনি বলেন, "প্রকৃত সংস্কারের জন্য বর্তমান সংবিধানের আমূল পরিবর্তন প্রয়োজন। জাতীয় সংসদে সমাধান না হলে রাজপথে জনগণকে সেই অধিকার আদায়ে নামতে হতে পারে, যেখানে সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।"
সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্য সংসদের পাশাপাশি রাজপথেও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে। সেমিনার, গোলটেবিল বৈঠক, লিফলেট বিতরণ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।
খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
জেএস

khulna Correspondent
© 2026 Daily Destiny. All rights reserved.











