খুলনায় একাধিক প্রেমের জেরে কিশোরী মেয়েকে হত্যা করলেন বাবা-মা

ছবি: সংগৃহীত
খুলনায় একাধিক প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে আরফানা হোসেন নির্জনা (১৬) নামে এক কিশোরীকে পিটিয়ে হত্যা করেছেন তার নিজের বাবা-মা। গত ৮ জুলাই রাতে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়ক থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
শনিবার (১১ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিস্তারিত তথ্য জানান।
পুলিশ জানায়, মেয়ের একাধিক ছেলের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারটিতে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে বাবা লাঠি দিয়ে নির্জনার মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে বাবা ও মা মিলে নির্জনার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে আসেন।
মরদেহ উদ্ধারের পর পিবিআই ও সিআইডিসির সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বেতার বার্তার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে নির্জনার পরিচয় নিশ্চিত করা হয়। সে সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা ছিল।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে, মামলার প্রধান অভিযুক্ত ও পলাতক বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
ইউ

khulna Correspondent
© 2026 Daily Destiny. All rights reserved.









