রাজশাহীর দুর্গাপুরে একটি বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) দুর্গাপুর থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দুর্গাপুর থানার এসআই আব্দুল মজিদের নেতৃত্বে এসআই মেহেদী হাসান সম্পদ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর পৌর এলাকার সিংগা পশ্চিমপাড়া গ্রামের মৃত মেহের মণ্ডলের ছেলে আলমগীর হোসেন (৩৯), হোসেন আলীর ছেলে মোহাম্মদ পিয়ারুল ইসলাম (২২) এবং মৃত আক্কাস আলীর ছেলে জসিম (৪০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া একটি এলইডি টেলিভিশন, একটি ব্যাটারি, একটি বিছানার চাদর ও একটি তোয়ালে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫১ হাজার ৯০০ টাকা।
এ ঘটনায় দুর্গাপুর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা (নং-২০, তারিখ: ২৬ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মজিদ জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, দুর্গাপুর থানাকে একটি মডেল থানায় পরিণত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এলাকায় চুরি, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্য পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাতে সিংগা গ্রামের আলাউদ্দিন মাস্টারের ছেলে রিমনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইউ