স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্বপ্নের অপমৃত্যু ঘটল বেলজিয়ামের বিপক্ষে। সিয়াটল স্টেডিয়ামে মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোর লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখাল বেলজিয়াম। এই পরাজয়ের মাধ্যমে এবারের বিশ্বকাপের তিন আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র—সবারই বিদায় নিশ্চিত হলো।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা বেলজিয়াম নবম মিনিটে চার্লস ডি কেটেলায়েরের গোলে লিড নেয়। ৩১তম মিনিটে মালিক টিলম্যানের ফ্রি-কিক থেকে গোল করে যুক্তরাষ্ট্র সমতায় ফিরলেও তাদের আনন্দ ছিল ক্ষণস্থায়ী। মাত্র দুই মিনিট পরেই ৩৩ মিনিটে ডি কেটেলায়ের তার দ্বিতীয় গোলটি করে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ভুল থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয় স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে হান্স ফানাকেন বেলজিয়ামের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু চতুর্থ গোলটি করলে যুক্তরাষ্ট্রের বড় ব্যবধানের পরাজয় নিশ্চিত হয়।
চলতি বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে মেক্সিকো ও কানাডা আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্রের এই হারের মধ্য দিয়ে আয়োজক দেশগুলোর বিশ্বকাপ অভিযান চূড়ান্তভাবে শেষ হলো।
আগামী ম্যাচ:
কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম এখন শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে। আগামী ৯ জুলাই লস অ্যাঞ্জেলেসে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে এটি একটি হাইভোল্টেজ ম্যাচ হবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা।
উল্লেখ্য, ম্যাচটির আগে ফোলারিন বালোগানের লাল কার্ড ও নিষেধাজ্ঞা নিয়ে বেশ বিতর্ক থাকলেও মাঠে বেলজিয়াম তাদের দাপুটে পারফরম্যান্সেই শেষ হাসি হাসল।
জেএস