ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ার একটি বাড়ির কাঁচা বাথরুমের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ জুলাই) ভোরে ঘটনাটি ধরা পড়ে। বাড়ির মালিক মৃত মধু মণ্ডলের ছেলে আলী আকবর মণ্ডলের স্ত্রী রওশনা বেগম (৫৫) জানান, ভোর প্রায় ৫টার দিকে তিনি বাথরুম ব্যবহার করতে গিয়ে স্ল্যাবের ওপর অস্বাভাবিক কিছু অনুভব করেন। বিষয়টি তিনি তার স্বামীকে জানালে প্রথমে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।
পরে আলী আকবর মণ্ডল নিজে বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি অবস্থায় কিছু রয়েছে বলে সন্দেহ করেন। এরপর বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয়। দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মধুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাটি উদ্ধার করেন। পরে বস্তা খুলে দেখা যায়, ভেতরে এক নারীর কঙ্কাল রয়েছে। পুলিশ জানায়, কঙ্কালটির মাথার খুলি মাঝারি আকারের। এছাড়া দীর্ঘ কালো চুলের কিছু অংশ পাওয়া গেছে এবং হাড়গুলো বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মারুফ হাসান জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, বর্তমানে মধুখালী উপজেলায় কোনো নারী নিখোঁজ থাকার তথ্য থানায় নথিভুক্ত নেই। ফলে উদ্ধার হওয়া কঙ্কালটির পরিচয় শনাক্তে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
ইউ