ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু। আগামী পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে সক্রিয় হওয়ার লক্ষ্যেই তিনি এই পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের অনুচ্ছেদ ৭৫-এর ক্লজ (২) অনুযায়ী তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
গত জুনেই রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে রাভনীত সিং বিট্টুর মেয়াদ শেষ হয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর পরাজিত হলেও তাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছিল এবং রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য করা হয়েছিল।
পদত্যাগের নেপথ্যে পাঞ্জাব নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আম আদমি পার্টি (আপ) শাসিত সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে আগামী বিধানসভা নির্বাচনে দলের শক্তি বৃদ্ধি ও গোছগাছ করার জন্য বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে মাঠে নামছেন বিট্টু। দীর্ঘ ১৭ বছরের সংসদীয় রাজনীতির পাঠ চুকিয়ে তিনি এখন সরাসরি রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঞ্জাবের মানুষের সেবা করতে চান।সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশপদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিট্টু লেখেন, “ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও উল্লেখ করেন, “ভারতের এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করা এক বিরাট সৌভাগ্যের বিষয় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ।”
রাজনৈতিক পরিচিতিরাভনীত সিং বিট্টু পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বেয়ন্ত সিংয়ের নাতি। দীর্ঘকাল কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি তিনবার লোকসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং একসময়ে লোকসভায় দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তিনি সম্পূর্ণভাবে পাঞ্জাব রাজ্য রাজনীতিতে মনোনিবেশ করতে চলেছেন।
সূত্র: এনডিটিভি
জেএস