২০২৬ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। পৃথক শুভেচ্ছাবার্তায় তারা স্পেনের ঐতিহাসিক সাফল্যের পাশাপাশি ফিলিস্তিনের প্রতি দেশটির সংহতিপূর্ণ অবস্থানেরও প্রশংসা করেছেন।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বিশ্বকাপ জয় স্পেনের জনগণের জন্য যেমন গর্বের, তেমনি ইরানের জনগণও তাদের এই অর্জনে আনন্দিত। তিনি স্পেনের সরকার, জনগণ এবং জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিশ্বকাপে তাদের অসাধারণ নৈপুণ্যের প্রশংসা করেন।

অন্যদিকে, স্পেনের পার্লামেন্টের স্পিকারের কাছে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, বিশ্বকাপে স্পেনের সাফল্য শুধু দেশটির মানুষের জন্য নয়, বরং ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে থাকা বহু মানুষের জন্যও আনন্দের উপলক্ষ।

তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের সংহতি প্রকাশ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক সংকটে ইরানের প্রতি সমর্থন জানানোর জন্য স্পেন সরকার ও জাতীয় ফুটবল দলকে বিশেষ ধন্যবাদ জানান।

রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জেতে স্পেন। পুরো আসরে দুর্দান্ত ছন্দে থাকা দলটি মাত্র একটি গোল হজম করেই শিরোপা নিশ্চিত করে।

বিশ্বকাপ জয়ের পর নিউইয়র্কের টাইমস স্কয়ারে স্পেনের সমর্থকদের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এ ঘটনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে ফিলিস্তিনি কর্মকর্তারাও স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউ