২০২৬ বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ফুটবল বিশ্বের উত্তজনা তুঙ্গে। খেলার ফলাফল নিয়ে জনপ্রিয় পরিসংখ্যান সংস্থা ‘অপটা’ (Opta)-এর সুপারকম্পিউটার একটি গাণিতিক পূর্বাভাস দিয়েছে, যেখানে সামান্য ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে।

সুপারকম্পিউটারের বিশ্লেষণ

অপটা সুপারকম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৭.৩ শতাংশ। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩২ শতাংশ। বাকি ৩০.৭ শতাংশ ক্ষেত্রে ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে।

ফাইনালে ওঠার লড়াইয়ের সমীকরণটাও বেশ হাড্ডাহাড্ডি। সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে খেলার সম্ভাবনা ৫২.৩ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৭.৭ শতাংশ।

কেন ইংল্যান্ডকে এগিয়ে রাখা হচ্ছে?

পরিসংখ্যান: দুই দলের অতীত মুখোমুখিতে ইংল্যান্ডের সাফল্যের হার তুলনামূলক বেশি। এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড জিতেছে ৬ বার, আর আর্জেন্টিনা মাত্র ২ বার।

বর্তমান ফর্ম: থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড দল ধারাবাহিকভাবে ভালো খেলছে, যা তাদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

তবে পরিসংখ্যান এবং সুপারকম্পিউটারের পূর্বাভাস যাই বলুক, ফুটবলের ময়দানে লিওনেল মেসির আর্জেন্টিনা বরাবরই বড় ম্যাচের চাপের মুখে সেরাটা দেওয়ার ক্ষমতা রাখে। তাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ যে কেউ জিততে পারে—এই অনিশ্চয়তাই ম্যাচটিকে বিশ্বকাপের অন্যতম প্রতীক্ষিত লড়াই করে তুলেছে।

জেএস