ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করলেন স্লাভেন বিলিচ। সোমবার ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করার পরপরই ফুটবল মহলে সাড়া পড়ে গেছে। তবে নতুন কোচের নিয়োগের চেয়েও বেশি আলোচনা হচ্ছে দলের প্রাণভোমরা লুকা মদ্রিচের অবসর নিয়ে।

২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ব্যর্থ বিদায়ের পর দীর্ঘ নয় বছরের দায়িত্ব থেকে অব্যাহতি নেন সফল কোচ জ্লাতকো দালিচ। তার স্থলাভিষিক্ত হয়েই বিলিচ স্পষ্ট করে দিয়েছেন, তার প্রথম কাজ হবে লুকা মদ্রিচের সঙ্গে আলোচনা করা। ৪০ বছর বয়সী এই কিংবদন্তি মিডফিল্ডার বিশ্বকাপ থেকেই অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিলিচের প্রত্যাবর্তন সেই সিদ্ধান্তে নতুন মোড় এনেছে।

সংবাদ সম্মেলনে বিলিচ আবেগঘন কণ্ঠে বলেন, "আমি অবশ্যই চাই লুকা খেলাটা চালিয়ে যাক। তার সিদ্ধান্তকে সম্মান করি, তবে সিদ্ধান্ত সম্পূর্ণ তার হাতেই। ক্রোয়েশিয়ান ফুটবল ও জাতীয় দলের জন্য লুকার গুরুত্ব অপরিসীম। কোচ হিসেবে তো বটেই, বন্ধু হিসেবেও আমি ওর সঙ্গে একান্তে বসে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই।"

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্যমতে, বিলিচের নিয়োগের খবরে মদ্রিচ তার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছেন। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত বিলিচের প্রথম মেয়াদে দুজন একসঙ্গে কাজ করেছিলেন। তাদের মধ্যকার দীর্ঘদিনের সেই ঘনিষ্ঠ সম্পর্কই মদ্রিচকে জাতীয় দলে আরও কিছুটা সময় থাকার ব্যাপারে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০১৬ সাল থেকে জাতীয় দলের নেতৃত্ব দেওয়া মদ্রিচ ক্রোয়েশিয়ার জার্সিতে ২০৩টি ম্যাচ খেলেছেন। তার অবসরের ভাবনার মধ্যেই নতুন কোচ হিসেবে বিলিচের চ্যালেঞ্জটা বেশ বড়। বিশেষ করে জ্লাতকো দালিচের অধীনে ক্রোয়েশিয়া ২০১৮ সালে বিশ্বকাপের রানার্স-আপ এবং ২০২২ সালে তৃতীয় স্থান অর্জন করে বিশ্ব ফুটবলে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল।

দায়িত্ব নিয়ে বিলিচ বলেন, "দালিচের মতো একজন সফল কোচের উত্তরসূরি হওয়া বিশাল দায়িত্ব। আমাদের হাতে থাকা খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ফেডারেশনের স্থিতিশীলতা, স্কোয়াডের মান এবং ধারাবাহিকতা বজায় রেখেই আমরা ক্রোয়েশিয়াকে বিশ্ব ফুটবলের অভিজাত পর্যায়ে ধরে রাখতে চাই। আমি এখানে বড় কিছু অর্জন করতেই এসেছি।"

ক্রোয়েশিয়ার ফুটবলে নতুন এই যুগের সূচনায় এখন সবার দৃষ্টি লুকা মদ্রিচের সিদ্ধান্তের দিকে। বিলিচের কৌশলী অনুরোধে শেষ পর্যন্ত কি জাতীয় দলের জার্সি গায়ে আরও কিছু ম্যাচ খেলবেন এই জাদুকরী মিডফিল্ডার? সেই উত্তর পাওয়ার অপেক্ষায় ক্রোয়েশিয়ার অগণিত সমর্থক।

জেএস