রাজনৈতিক চাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অভিযোগ/ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা বিতর্কিত উপায়ে প্রত্যাহার করাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা। এই ঘটনাকে ফুটবলের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন তারা।
গত ১ জুলাই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। প্রচলিত নিয়মানুযায়ী, পরবর্তী ম্যাচে তার খেলার কোনো সুযোগ ছিল না। তবে অভিযোগ রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের পর ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এই সিদ্ধান্তের পরই তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা উলটার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেন, “টুর্নামেন্ট চলাকালীন লাল কার্ডের মতো শাস্তিমূলক নিয়ম রাজনৈতিক চাপে বদলে ফেলা ফুটবলের মৌলিক ন্যায়বিচারের পরিপন্থী।” তারা সরাসরি ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ফুটবল নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ইতিমধ্যে ৩৫ জন আইনপ্রণেতা ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবিতে স্বাক্ষর করেছেন। তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাগুলোকে ফিফার এথিকস কমিটির কাছে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানানোর অনুরোধ করেছেন। তাদের প্রধান লক্ষ্য দুটি:
১. বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনের প্রত্যক্ষ কোনো প্রভাব ছিল কি না।
২. ফিফা তার রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছে কি না।
অন্যদিকে, ফিফা কর্তৃপক্ষ দাবি করেছে যে সিদ্ধান্তটি তাদের ডিসিপ্লিনারি কমিটি স্বাধীনভাবেই নিয়েছে। তবে ফিফার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।
আইনপ্রণেতাদের মতে, খেলাধুলার সৌন্দর্য টিকে থাকে নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মের ওপর। রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে নিয়ম পরিবর্তনের প্রবণতা ফুটবলের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
জেএস

খেলা
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।









