৪০ বছর পর পেনাল্টি মিসের তেতো স্মৃতি ফিরল ব্রাজিলের ডেরায়

ছবি: সংগৃহীত
নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বের লড়াইয়ে কেবল হার নয়, বরং একটি অদ্ভুত ও দীর্ঘস্থায়ী পরিসংখ্যানের তিক্ত স্বাদও পেতে হলো ব্রাজিলকে। দীর্ঘ চার দশক ধরে বিশ্বকাপের মূল ম্যাচে পেনাল্টি থেকে গোল করার যে অজেয় রেকর্ড ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের, তা ভেঙে গেল ব্রুনো গুইমারেসের এক পেনাল্টি মিসে।
ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ব্রুনো গুইমারেস। তবে তার নেওয়া শটটি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড। আর এই মিসের মাধ্যমেই রচিত হলো এক অনাকাঙ্ক্ষিত ইতিহাস।
পরিসংখ্যান অনুযায়ী, টাইব্রেকার বা পেনাল্টি শুটআউট বাদে বিশ্বকাপের মূল ম্যাচের নির্ধারিত বা অতিরিক্ত সময়ে এটি ব্রাজিলের কোনো খেলোয়াড়ের প্রথম পেনাল্টি মিসের ঘটনা। এর আগে সবশেষ ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মূল ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো।
দীর্ঘ ৪০ বছর ধরে বিশ্বকাপে পেনাল্টি স্পট থেকে গোল করার ক্ষেত্রে শতভাগ সফল ছিল সেলেসাওরা। তবে নরওয়ের বিপক্ষে ব্রুনোর ব্যর্থতা জিকোর সেই পুরোনো ও তেতো স্মৃতিকে যেন নতুন করে ব্রাজিলিয়ান শিবিরে ফিরিয়ে আনল। এই মিসের পর ব্রাজিলের ভাগ্যটাও যেন সহায় ছিল না, যা শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হারের মধ্য দিয়ে হেক্সা জয়ের স্বপ্ন চূর্ণ করে দিল।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।









