বিশ্বকাপের নকআউটে জাপানের চ্যালেঞ্জ: নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলত্তি

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপপর্বের রোমাঞ্চকর লড়াই শেষে শুরু হয়েছে নকআউট পর্বের স্নায়ুচাপ। আজ সোমবার রাতে হিউস্টন স্টেডিয়ামে এশিয়ান জায়ান্ট জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে নিয়ে আশার বাণী শোনালেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।
বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে নেইমারকে আরও বেশি সময় মাঠে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দীর্ঘ ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে ফিরেছিলেন নেইমার। তবে সেই ম্যাচে মাত্র ১৫ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। নকআউটের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে শিষ্যকে নিয়ে কোচ আনচেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে নেইমারের উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচের তুলনায় সে এখন অনেক বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছে।’
জাপানকে বিশ্বের অন্যতম সেরা ও সুশৃঙ্খল দল হিসেবে উল্লেখ করেছেন আনচেলত্তি। জাপানের বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক হারের স্মৃতি মনে করিয়ে দিয়ে ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমরা জানি জাপান কতটা শক্তিশালী। তাদের বিপক্ষে ম্যাচটিকে আমরা ফাইনালের মতোই দেখছি। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি—যেকোনো পরিস্থিতির জন্য আমার দল প্রস্তুত ও আত্মবিশ্বাসী।’
শুরু হতে যাওয়া এই নকআউট পর্বে ফেভারিট প্রসঙ্গে আনচেলত্তি জানান, ‘গ্রুপপর্বে হয়তো কেউ এগিয়ে ছিল, কিন্তু নকআউটে এখন আর কোনো স্পষ্ট ফেভারিট নেই। এটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং কঠিন একটি প্রতিযোগিতা।’
ম্যাচের শুরুর একাদশ নিয়ে খুব বেশি পরিবর্তনের ইঙ্গিত দেননি ব্রাজিল কোচ। তাঁর মতে, ‘খেলোয়াড়রা মানসিকভাবে বেশ চাপমুক্ত এবং ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। শেষ অনুশীলনের পরেই একাদশ চূড়ান্ত করা হবে। প্রতিপক্ষ সম্পর্কে আমরা অবগত, এখন মাঠে নিজেদের পরিকল্পনা কার্যকর করার পালা।’
জাপান-ব্রাজিল দ্বৈরথের দিকে এখন তাকিয়ে আছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। নকআউটের এই অগ্নিপরীক্ষায় নেইমারকে পাওয়ার সম্ভাবনা সেলেসাওদের আত্মবিশ্বাস যে অনেকটা বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।





