জিম্বাবুয়ের কাছে ১৪০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দারুণ জুটিতে বড় সংগ্রহের আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে এই দুই ব্যাটারের বিদায়ের পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। শেষ ২৭ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে অলআউট হয় বাংলাদেশ।
হারারে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৭.২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন মুমিনুল হক।
ইনিংসের শুরুতেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে বিদায় নিতে হয়। তবে আউটের সিদ্ধান্তে অসন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়েন তিনি। বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরির বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়ে বলটি ব্যাট ও শরীরের খুব কাছ দিয়ে উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। বলটি গ্লাভসে লেগেছিল নাকি শরীরের অন্য কোথাও, তা স্পষ্ট বোঝা যায়নি।
জোরালো আবেদনের পর আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাননি জয়। ১৭ বলে ২ রান করে হতাশ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন মুমিনুল। তবে ২০ রান করে ফেরেন সাদমান। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুমিনুল। এই জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ।
তবে ব্যক্তিগত ৬০ রানে মুমিনুল আউট হলে আবারও ব্যাটিং ধস নামে। শান্ত ৭৩ বলে ১৯ রান করে বিদায় নেন। এরপর আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও অমিত হাসানসহ মধ্য ও নিম্নক্রমের ব্যাটারদের ব্যর্থতায় দেড়শ রানের আগেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এজেএ

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






