লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত
শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫ রান। এমন কঠিন মুহূর্তে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বল তুলে দেন দলের সেরা বোলার মারুফা আক্তারের হাতে। তবে প্রথম বলেই বাউন্ডারি হজম করেন তিনি। পরের বলে এক রান নিয়ে জয়ের সমীকরণ মেলান ক্লোয়ি ট্রায়ন। ফলে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় বাংলাদেশ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন সুবহানা মোস্তারি। জবাবে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
ইনিংসের প্রথম বলেই লরা উলভার্টকে বোল্ড করে দুর্দান্ত সূচনা এনে দেন মারুফা আক্তার। এরপর বাংলাদেশ নিয়ন্ত্রিত বোলিং করলেও তাজমিন ব্রিটস ও আনেরিন ডার্কসেন ধীরে ধীরে দলকে এগিয়ে নেন। ব্রিটস ২৪ বলে ২০ এবং ডার্কসেন ৪৫ বলে ৪৫ রান করেন।
শেষদিকে নাদিন ডি ক্লার্ক ও ক্লোয়ি ট্রায়ন শান্ত মাথায় ব্যাট করে ম্যাচটি দক্ষিণ আফ্রিকার দিকে নিয়ে যান। ডি ক্লার্ক ১৪ বলে ১৫ এবং ট্রায়ন ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২৪ রানে ২ উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন মারুফা আক্তার, রিতু মণি ও সানজিদা আক্তার মেঘলা।
এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। মারিজানে ক্যাপের করা ইনিংসের প্রথম বলেই দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। অন্য ওপেনার তাজনেহার ইসলামও সুবিধা করতে পারেননি; তিনি করেন মাত্র ১ রান।
দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার। তবে দুজনই ধীরগতিতে ব্যাটিং করেন। পরে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করতে গিয়ে আউট হন তারা। শারমিন ২৯ বলে ২২ এবং মোস্তারি ৪৮ বলে ৪২ রান করেন।
শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ২০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ লড়াই করার মতো ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায়।
এইচএমজে

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






