জুলাই বিপ্লবসহ দেশের ফ্যাসিবাদবিরোধী সব আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের সাহসিকতা, ত্যাগ ও অপরিসীম অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

সেমিনারে নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, ‘আন্দোলন যখন স্থিমিত হয়ে পড়ছিল, তখন মাদ্রাসা শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই আন্দোলনকে নতুন করে জাগিয়ে তুলেছিল। ওলামায়ে কেরাম যুগে যুগে এ দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে রক্ত দিয়েছেন। মাদ্রাসা শিক্ষার্থীদের জুব্বা কোনো সাধারণ পোশাক নয়, বরং এটি বিদ্রোহ ও লড়াইয়ের প্রতীক। সরকারের উচিত এই ত্যাগের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা।’

সেমিনারে নাহিদ ইসলাম বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়কে কেবল সংবিধান দিয়ে বিচার করলে হবে না, একে দেখতে হবে জুলাই বিপ্লবের জনগণের আকাঙ্ক্ষার আলোকে। জনগণ একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিল, যার মূল ভিত্তি হলো রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার।’

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার সংবিধান সংশোধন কমিটির নামে প্রহসন করছে। জনগণের গণভোটের রায় উপেক্ষা করে সরকার ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেন তিনি। বিরোধীদলীয় চিফ হুইপ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকার যদি দ্রুত সংস্কার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ওলামায়ে কেরামসহ জুলাই বিপ্লবের সকল শক্তিকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। তবে আমরা চাই আলোচনার মাধ্যমেই এর সমাধান হোক।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, চিন্তক মুসা আল হাফিজ, এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

জেএস