দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত
দিল্লিতে বসে যারা আত্মসমর্পণের হুঙ্কার দিচ্ছেন, তাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা দণ্ডপ্রাপ্ত আসামি, তাই বাংলাদেশের সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী বলেন, বাংলাদেশে আর কখনই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না।
জুলাই হত্যাকাণ্ডের বিচারকার্যের অগ্রগতির তথ্য তুলে ধরে আইনমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১২টির রিপোর্ট জমা হয়েছে এবং চারটির চার্জ গঠন করা হয়েছে। এছাড়া আবু সাঈদ হত্যা ও হাসানুল হক ইনুর মামলাসহ তিনটি মামলার রায় হয়েছে।
আইনমন্ত্রী আরও জানান, ট্রাইব্যুনালে জমা পড়া ৫৯০টি অভিযোগের মধ্যে প্রসিকিউশন টিম ১০৯টি মামলা নির্বাচন করেছে। এর মধ্যে ৪৩টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল এবং ৬টি মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। এসব রায়ে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন ও ৩৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এছাড়া বিচারাধীন আছে ২৬টি এবং রায়ের অপেক্ষায় আরও ৪টি মামলা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, শাপলা চত্বরের হত্যাযজ্ঞ, ফ্যাসিবাদের সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জুলাইয়ে জেলা পর্যায়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়েও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
জুলাই চেতনা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, গণভোটের মধ্যে প্রতারণামূলক প্রশ্ন অন্তর্ভুক্ত করে রাজনীতি করা হলে সন্দেহ তৈরি হয়। এছাড়া তিনি রাজনৈতিক মিত্রদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








