আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
কোনো ধরনের আইনি ভিত্তি ও রাজনৈতিক সমঝোতা ছাড়া গণভোটের আয়োজনকে সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
‘জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশে’র ভিত্তিতে গণভোটের প্রস্তাবের তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যমুনার ভেতরে ও কিনারে বসে একটি কায়দা-কানুন করে এই আদেশ জারি করানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা বা সমঝোতা ছাড়া এককভাবে নেওয়া এই সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ।”
তিনি আরও বলেন, যে আদেশের ওপর ভিত্তি করে গণভোটের কথা বলা হচ্ছে, আইনি দৃষ্টিতে সেই আদেশটি ‘ভয়েড অ্যাব ইনিশিও’ বা শুরু থেকেই বাতিল। কারণ এ ধরনের আদেশ জারি করার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির ছিল না এবং নেই। যেকোনো গণভোটের জন্য একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো প্রয়োজন বলে তিনি মত দেন।
নিজের অবস্থান পরিষ্কার করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের সমর্থন আছে কি না, তা যাচাই করতে তিনি নিজেই জাতীয় ঐকমত্য কমিশনে আইনগত ভিত্তি তৈরি করে গণভোটের প্রস্তাব করেছিলেন। কিন্তু সেই অবস্থান থেকে অন্যরা সরে গেছেন বলে তিনি অভিযোগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সরকার সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে চায়। কিন্তু বিরোধী দল সংবিধান সংস্কার কমিটি থেকে ওয়াকআউট করে এই মহৎ উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। তিনি বিরোধী দলকে তাদের জন্য নির্ধারিত পাঁচটি আসনে ফিরে এসে আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক চর্চায় অংশ নেওয়ার আহ্বান জানান।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








