‘প্রতিটি বিষয়কে দলীয় আদর্শের সঙ্গে কেন মিলিয়ে দেখেন?’—জামায়াতকে স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের বিষয়ে সংসদে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “প্রতিটি বিষয়কে কেন নিজেদের দলীয় আদর্শের সঙ্গে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না।”
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আজকে অনেক সংসদ সদস্য আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে কথা বলেছেন। তারা বলেছেন, ২০০ থেকে ২৫০ টাকায় ডায়ালাইসিস করা হয়—এটি সত্য। কিন্তু মাথাব্যথার জন্য কি মাথা কেটে ফেলা যায়? যায় না।”
তিনি আরও বলেন, “যারা মাথা কাটে, তাদের বিচারের আওতায় আনতে হবে—এটা অস্বীকার করা যাবে না।”
সংসদে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসকদের অবহেলা, কেন্দ্রীয় এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাবে একদিনে ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে বাণিজ্যিক বেকারি কারখানা ও বিপজ্জনক প্লাস্টিক বর্জ্যের স্তূপ গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
মন্ত্রী আরও বলেন, “গত মে মাসে আদ্-দ্বীন হাসপাতালে চরম অবহেলা ও অসতর্কতার কারণে ছয়টি শিশুর মৃত্যু হয়। হাইপারক্যাপনিয়ায় আক্রান্ত হয়ে শিশুদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানে এসি বন্ধ ছিল, পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না এবং জরুরি অক্সিজেন সাপোর্টও পর্যাপ্ত ছিল না।”
তিনি দাবি করেন, ঘটনার সময় ১৬ থেকে ১৭ জন মা হাসপাতালে উপস্থিত থাকলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
“কার্বন ডাই-অক্সাইডের বিষক্রিয়ায় শিশুরা মৃত্যুবরণ করে,”—বলেন মন্ত্রী।
তিনি আরও জানান, ঘটনার পরদিন তিনি নিজে হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসকদের সঙ্গে কথা বলে অবহেলার প্রমাণ পেয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারের প্রতি ন্যূনতম সহানুভূতি বা সহায়তা প্রদর্শন করেনি।
এজেএ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






