এবার ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কোনো ইউরোপীয় দেশ যদি মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স (ডিএসটি) আরোপ করে, তাহলে সেই দেশের সব ধরনের পণ্যের ওপর ওয়াশিংটন ১০০ শতাংশ আমদানি শুল্কারোপ করবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইউরোপের অনেক দেশ’ এমন কর চালুর বিষয়ে আলোচনা করছে এবং তাদের মধ্যে কয়েকটি দেশ এটি কার্যকর করার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
তিনি সতর্ক করে বলেন, এই শাস্তিমূলক শুল্ক অবিলম্বে কার্যকর হবে এবং এটি বিদ্যমান যেকোনো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিকে সম্পূর্ণভাবে ‘অকার্যকর করে দেবে’।
যদিও ট্রাম্পের এই পোস্ট মূলত যেসব দেশ নতুন এই কর শিগগিরই কার্যকর করতে যাচ্ছে, তাদের লক্ষ্য করে লেখা হয়েছে, তবুও ২০২০ সাল থেকেই যুক্তরাজ্যে এ ধরনের কর চালু থাকায়, দেশটির ক্ষেত্রে এর সুনির্দিষ্ট প্রভাব কী হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ট্রাম্প লিখেছেন, এই ঘোষণাটিকেই আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে বিবেচনা করুন—যেকোনো দেশ এ ধরনের কর আরোপ করলে, যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্কারোপ করা হবে।
ব্রিটেনে কার্যকর থাকা দুই শতাংশ ডিজিটাল সার্ভিসেস ট্যাক্সের (ডিএসটি) আওতায় পড়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান—অ্যাপল, গুগল, মেটা ও অ্যামাজন। যুক্তরাজ্যের ট্রেজারির তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে এই কর থেকে ৮০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব আদায় হয়েছে, যা ২০২৩–২৪ অর্থবছরের ৬৭ কোটি ৮০ লাখ পাউন্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
এজেএ

আন্তর্জাতিক ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






