করোনাকালের প্রতারণা মামলাআবারও গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ

ছবি: সংগৃহীত
করোনা মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন দিয়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের জুলাই মাসে র্যাবের অভিযানে রাজধানীর উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতালের কার্যক্রমে ব্যাপক অনিয়মের তথ্য উঠে আসে। তদন্তে দেখা যায়, করোনা পরীক্ষা না করেই অসংখ্য ব্যক্তিকে ভুয়া পরীক্ষার সনদ দেওয়া হয়েছে এবং এভাবে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
এসব অভিযোগের পর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতালের কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একই ঘটনায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ভারতে পালানোর চেষ্টাকালে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
দীর্ঘ সময় কারাভোগের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে এবং এর মধ্যে কয়েকটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। এবার আদালতের পরোয়ানার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
ইউ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।












