সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার নামে দুই কলেজের নামকরণ, পরিবর্তন হলো আরও তিন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজের নামকরণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের আরও তিনটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ–সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার ‘নাজিরপুর কলেজ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’। এছাড়া ভোলার চরফ্যাশন উপজেলার ‘জনতা বাজার কলেজ’-এর নতুন নাম রাখা হয়েছে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা’।
একই দিনে জারি করা পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- হবিগঞ্জের মাধবপুর উপজেলার ‘মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ’-এর নতুন নাম হয়েছে ‘সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ’।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ‘আয়েশা ছিদ্দিক মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর আবেদনের প্রেক্ষিতে যথাযথ নিয়ম অনুসরণ করে এই নাম পরিবর্তনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। এখন থেকে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের পরিবর্তিত নামে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে।
জেএস

অনলাইন ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






