সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি সংসদে

ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান জাতীয় সংসদে সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা চালু করা সম্ভব এবং এর মাধ্যমে একটি কল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলা যেতে পারে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।
তিনি প্রস্তাব করেন, বিভিন্ন মাজহাবের আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠন এবং একটি পৃথক ‘জাকাত মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করা উচিত। তাঁর মতে, জাকাতভিত্তিক অর্থনীতি চালু হলে দারিদ্র্য হ্রাসে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সংসদ সদস্য বলেন, ইসলামী অর্থনীতির ধারণা অনুযায়ী সুদকে পরিহার করে জাকাত ও দানশীলতার মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য আনা সম্ভব। তিনি বিভিন্ন ইসলামী দেশেও এ ধরনের অর্থনৈতিক নীতি প্রয়োগের উদাহরণ তুলে ধরেন।
তিনি আরও দাবি করেন, সঠিকভাবে জাকাত আদায় ও ব্যবস্থাপনা করা গেলে বিপুল পরিমাণ অর্থ সমাজ উন্নয়নে ব্যবহার করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি কৃষক ও পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচির বদলে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেন।
তাঁর এই বক্তব্য সংসদে অর্থনৈতিক নীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এজেএ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।





