১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যা কমানোর আহ্বান

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে প্রচলিত ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে তিনি দেশে ব্যাংকের সংখ্যা কমানোর আহ্বান জানিয়েছেন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, দুর্নীতিবাজদের অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, মানি লন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করতে উচ্চ মূল্যমানের নোট বাতিল করা যেতে পারে। তাঁর মতে, ১০০০ ও ৫০০ টাকার নোট এক থেকে দুই মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিলে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলে ফিরে আসবে।
তিনি আরও বলেন, যাদের টাকার বৈধ উৎস দেখানোর সুযোগ নেই, তারা নির্দিষ্ট হারে (২০ থেকে ২৫ শতাংশ) কর পরিশোধ করে অর্থ বৈধ করতে পারবেন। এতে অর্থনীতি আরও গতিশীল হবে এবং বিনিয়োগ বাড়বে।
এমপি খোকন বলেন, দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি। “এমপি হলেই একটি ব্যাংক, নেতা হলেই একটি লিজিং কোম্পানি—এ ধরনের সংস্কৃতি বন্ধ করতে হবে,” উল্লেখ করে তিনি ব্যাংক খাত পুনর্গঠনের আহ্বান জানান। তাঁর মতে, দুর্বল ব্যাংক টিকিয়ে রাখতে জনগণের অর্থ ব্যবহার করা হচ্ছে, যা বন্ধ হওয়া উচিত।
অর্থ পাচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা হলেও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাঁর মতে, অর্থ সাধারণত যেখানে নিরাপদ মনে হয়, সেখানেই চলে যায়। তাই শুধু অর্থ ফেরত আনার চেষ্টা নয়, দেশে আস্থাশীল আর্থিক ও আইনি পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বাজেট কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যে প্রণয়ন করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ ইতিবাচক। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য কর্মসংস্থান সৃষ্টি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
এজেএ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






