সিলেটের প্রবাসীরা ইচ্ছা প্রকাশ করলে তাদের খালি বাড়িঘর ও স্থাবর সম্পত্তির নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগের বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২২ জুলাই) ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

সিলেট অঞ্চলে বিপুলসংখ্যক মানুষ প্রবাসে বসবাস করার কারণে দেশের বাড়িঘর দীর্ঘ সময় ফাঁকা পড়ে থাকে। ফলে জমিজমা দখল বা নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের নানা অভিযোগ ও উৎকণ্ঠা রয়েছে। প্রবাসীদের এই উদ্বেগের কথা মাথায় রেখেই জেলা প্রশাসন এমন উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, "প্রবাসীদের বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা চাইলে আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে। প্রবাসীদের কল্যাণে সরকার নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে, যার ধারাবাহিকতায় তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, প্রবাসীদের হয়রানি ও নিরাপত্তা-সংক্রান্ত আশঙ্কা কমাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ ছাড়াও মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণ প্রসঙ্গে ডিসি বলেন, প্রকল্পটির আওতায় বেশিরভাগ এলাকার জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া ও সাদিপুর ইউনিয়নের গজিয়া এলাকায় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা আবেদন করলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের নির্ধারিত ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, দিনব্যাপী এই সফরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অফিস, ভূমি অফিস, তাজপুর ইউনিয়ন ভূমি অফিস এবং এসওএস শিশু পল্লী পরিদর্শন করেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ এবং শিক্ষার্থীদের মাঝে সহায়ক প্রযুক্তি সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানেও অংশ নেন তিনি। গত গত ১৩ জুলাই সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন আবদুল্লাহ আল মামুন।

জেএস