বিয়ে করেও ধর্ষণ মামলায় ‘রেহাই মিলছে না’ গায়ক নোবেলের

নিজস্ব প্রতিবেদন
ইডেন কলেজের এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ২৯ নভেম্বর ডেমরা থানার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।
সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। প্রসিকিউশন সূত্র জানায়, আগামী ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে এবং পরে মামলাটি বিচারার্থে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে। এর আগে গত ১৯ মে ওই ছাত্রী নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। গ্রেপ্তারের পর নোবেল কারাগারে থাকলেও পরে বিয়ের শর্তে জামিন পান এবং ১৯ জুন কারাগারেই ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়।
মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর নোবেল ভুক্তভোগীকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে ফোন ও টাকা কেড়ে নেওয়া হয় এবং ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘ সময় ধরে নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে।
পরিবারের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেপ্তার করে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীকে মারধর ও নির্যাতনে কয়েকজন সহযোগীর ভূমিকা থাকতে পারে, যদিও তাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। ভবিষ্যতে তথ্য মিললে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে নোবেলের আইনজীবী দাবি করেছেন, বিয়ের কারণে মামলাটি আপসের মাধ্যমে নিষ্পত্তি হবে এবং নোবেল খালাস পাবেন।
উল্লেখ্য, ‘সা রে গা মা’ অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত এই গায়ক এর আগেও প্রতারণা সংক্রান্ত মামলায় আলোচনায় ছিলেন।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











