সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে এবং মোট আক্রান্ত ৯৫ হাজার ১২ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকার বিভিন্ন এলাকার—ঢাকা উত্তরে ১৭১ জন ও দক্ষিণে ১০২ জন।


এছাড়া চট্টগ্রামে ১২২, বরিশালে ৫২, খুলনায় ৩১, ময়মনসিংহে ২৬, রাজশাহীতে ১৭, সিলেটে ৬ এবং রংপুরে ২ জন ভর্তি হয়েছেন। গত এক দিনে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ সময়ে ৫৯৩ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফলে এ বছর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ হাজার ৬১৮ জন।


২০২৩ ও ২০২৪ সালের তুলনায় চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক কম হলেও সংক্রমণ এখনও উদ্বেগজনক বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।