ছেলের জন্য বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা

নিজস্ব প্রতিবেদন
ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর এখন আর নিজের বাহ্যিক সৌন্দর্য, ওজন কিংবা চুল ঝরে যাওয়ার মতো বিষয় নিয়ে ভাবিত নন। জীবনের কঠিন লড়াইয়ের মুখে দাঁড়িয়ে তার একমাত্র লক্ষ্য— যেকোনোভাবে সুস্থ হয়ে ছেলের কাছে ফিরে যাওয়া।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সহ-অভিনেত্রী রশ্মি দেশাইকে নিয়ে আড্ডায় বসেন দীপিকা। সেখানেই তিনি প্রথমবার খোলামেলা কথা বলেন ক্যানসার ধরা পড়া এবং চিকিৎসাজনিত পরিবর্তনগুলো নিয়ে। তিনি জানান, টানা চিকিৎসার কারণে তার চুল পড়ছে, শরীর ফুলে যাচ্ছে, কিন্তু এসব এখন তার কাছে তুচ্ছ।
দীপিকার ভাষায়, ক্যানসার ধরা পড়ার পর মুহূর্তেই চোখে ভেসে উঠেছিল একমাত্র সন্তানের মুখ। হাসপাতালে ভর্তি হওয়ার সময় ছেলেকে সঙ্গে নিতে না পেরে তাকে মায়ের কাছে রেখে যেতে হয়েছিল। এক বছরের শিশুর অবুঝ কান্না মাকে ভেঙে দেয়, তিনিও সেই দৃশ্যে অসহায় হয়ে পড়েছিলেন।
শুধু তিনি নন, স্বামী শোয়েব ইব্রাহিমও ভেঙে পড়েছিলেন এই দুঃসময়। তবে দম্পতি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন— যে রোগই হোক, দীপিকাকে সুস্থ হবেই। পরিবারের সদস্যদের নিবিড় সঙ্গ আর ভালোবাসা নিয়ে এখনো চলছে তার চিকিৎসা, আর লড়াই চলছে জীবনের প্রতি অটল বিশ্বাস নিয়ে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











