২০২৬ ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট পর্ব চলাকালীন মার্কিন দলের দুই শীর্ষ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই সিদ্ধান্তের ফলে মার্কিন শিবিরে বড় ধরনের অস্বস্তি তৈরি হয়েছে।
ফিফার শাস্তিমূলক তথ্যের তালিকায় যাদের নাম এসেছে, তারা হলেন মার্কিন দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।
ফিফা আনুষ্ঠানিকভাবে বরখাস্তের কারণ স্পষ্ট না করলেও, বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচের পর ম্যাচ প্রোটোকল লঙ্ঘন এবং অননুমোদিত এলাকায় প্রবেশের অভিযোগ উঠেছে এই কর্মকর্তাদের বিরুদ্ধে। বিশ্লেষকদের ধারণা, ঐ ম্যাচে লাল কার্ড পাওয়া ফরোয়ার্ড ফোলারিন বালোগুন বহিষ্কারাদেশের পরও মাঠে ফিরে দলের সাথে উদযাপন করেছিলেন—যার নেপথ্যে এই কর্মকর্তাদের ভূমিকা থাকতে পারে। তবে ইউএস সকার ফেডারেশন স্পষ্ট করেছে, বালোগুনের বিতর্কিত নিষেধাজ্ঞা বা তাকে খেলানোর চেষ্টার সাথে এই বরখাস্তের কোনো সরাসরি সম্পর্ক নেই।
বরখাস্ত হওয়া স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ফেডারেশনের সাথে যুক্ত এবং ২০২০ সাল থেকে ম্যানেজার হিসেবে দলের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, ফ্র্যাঙ্ক প্যানেল দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন নিরাপত্তা কর্মকর্তা, যার সিআইএ ও সিক্রেট সার্ভিসে কাজ করার দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। এই দুই কর্মকর্তার বরখাস্ত হওয়ার বিষয়টি ইউএস সকার ফেডারেশন নিশ্চিত করলেও, তারা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বিষয়টি সম্পূর্ণভাবে ফিফার এখতিয়ারভুক্ত বলে জানিয়েছে তারা।
বিশ্বকাপের মতো বড় আসরে নকআউট পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগমুহূর্তে দলের এমন দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার বহিষ্কার ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জেএস