ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৯০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদন
ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত দুই অঞ্চলের গ্রাম, শহর ও উপকূলীয় এলাকা মিলিয়ে ৯১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর অন্তত ২৭৪ জন এখনো নিখোঁজ— এমন তথ্য শনিবার সরকারি ও প্রাদেশিক সূত্র উদ্ধৃত করে জানায় রয়টার্স।
সবচেয়ে গুরুতর পরিস্থিতি আচেহের তামিয়াং জেলায়। সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটে পড়েছে স্থানীয় মানুষ। প্রত্যন্ত অঞ্চলে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
১৪ বছর বয়সী দিমাস ফিরমানসিয়াহ জানান, বন্যায় তাদের ইসলামি আবাসিক বিদ্যালয় এক সপ্তাহ ধরে বিচ্ছিন্ন হয়ে আছে। পানির মজুদ শেষ হওয়ায় তিনি ও অন্যান্য শিক্ষার্থীরা বাধ্য হয়ে বন্যার পানি ব্যবহার করছেন।
তামিয়াংয়ের বাসিন্দারা অভিযোগ করেন, ত্রাণ কেন্দ্রে খাবার ও পানি নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।
যদিও কয়েক দিন আগে প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো দাবি করেছিলেন যে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং সরকারের প্রস্তুতি সন্তোষজনক, বাস্তবে স্থানীয় প্রশাসন তার সঙ্গে একমত নয়। সুমাত্রা ও আচেহ— উভয় প্রদেশ থেকেই কেন্দ্রকে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানানো হয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











