আর্জেন্টিনার কাছে হেরে রেফারিংয়ের বিরুদ্ধে ফিফায় অভিযোগ আলজেরিয়ার

ছবি: সংগৃহীত
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর ম্যাচ পরিচালনায় রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে আলজেরিয়া। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী, আলজেরিয়ান ফুটবল ফেডারেশন ফিফার রেফারিং কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে ম্যাচের বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও প্রশ্ন তোলা হয়েছে।
আলজেরিয়ার করা অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রথমার্ধের একটি বড় ঘটনা। তাদের দাবি, ম্যাচ চলাকালীন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এক পর্যায়ে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের কাফের ওপর গুরুতর আঘাত করেন। মাঠের খেলোয়াড় ও সমর্থকরা তাৎক্ষণিকভাবে মেসির বিরুদ্ধে লাল কার্ডের জোর দাবি জানালেও ম্যাচ অফিশিয়ালরা বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান এবং কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি।
সেই বিতর্কিত সিদ্ধান্তের পর আলজেরিয়ার রক্ষণের ওপর চড়াও হয়ে খেলেন লিওনেল মেসি। মাঠ থেকে বহিষ্কার হওয়ার হাত থেকে বেঁচে যাওয়া এই মহাতারকাই পরবর্তীতে দুর্দান্ত পারফর্ম করে হ্যাটট্রিক তুলে নেন। মেসির একক নৈপুণ্যেই আর্জেন্টিনাকে ৩-০ গোলের বড় জয় পান, যার সুবাদে তিনি ম্যাচসেরার পুরস্কারও নিজের ঝুলিতে পুরেন।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন পোল্যান্ডের অভিজ্ঞ ও হাই-প্রোফাইল রেফারি সজিমন মার্সিনিয়াক। উল্লেখ্য, এই মার্সিনিয়াকই ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক ম্যাচটি পরিচালনা করেছিলেন, যেখানে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ফলে আর্জেন্টিনার ম্যাচে তাঁর নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলজেরিয়ার এই অভিযোগ ফুটবল মহলে বেশ শোরগোল ফেলেছে।
আলজেরিয়ার এই আনুষ্ঠানিক চিঠির পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা কোনো তদন্ত বা শাস্তিমূলক পদক্ষেপ নেয় কি না—এখন সেদিকেই কড়া নজর ফুটবল বিশ্বের।

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






