আইসিসিকে নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন
ভিসা জটিলতার কারণে ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে ঢাকায় আসতে না পারলেও অনলাইনে যুক্ত হয়ে বিসিবির সঙ্গে বৈঠকে অংশ নেন। শনিবার (১৭ জানুয়ারি) গুলশানের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ভেন্যু ইস্যু ঘিরেই মূল আলোচনা হয়।
বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা ভারতে খেলতে আগ্রহী নয়। তবে বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে এমন একটি গ্রুপে নেওয়ার কথা বলা হয়েছে, যার সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। বিসিবির মতে, এতে নিরাপত্তা ও লজিস্টিক জটিলতা কমবে।
আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তী মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে, ভিসা বিলম্বের কারণে আইসিসির ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ভার্চুয়ালি সভায় যোগ দেন।
বৈঠক শেষে বিসিবি জানায়, তারা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবারও অনুরোধ জানিয়েছে—বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য। একই সঙ্গে দল, সমর্থক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগও তুলে ধরা হয়েছে। আলোচনাকে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক বলে উল্লেখ করে বিসিবি জানায়, বিষয়টি নিয়ে সংলাপ অব্যাহত থাকবে।
বিসিবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা। আইসিসিও আশাবাদী, আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে। উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে খেলতে অনিচ্ছুক অবস্থানে রয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











