টি-টোয়েন্টি বিশ্বকাপ একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

নিজস্ব প্রতিবেদন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভিসা জটিলতায়। ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের প্রভাবে একাধিক অংশগ্রহণকারী দেশের ক্রিকেটাররা এখনো ভারতীয় ভিসা পাননি। বিশেষ করে বিভিন্ন দেশের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা নিয়ে সমস্যা বেশি দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি ও কানাডার ক্রিকেট বোর্ডগুলো জানিয়েছে, তাদের দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পাওয়া নিয়ে জটিলতা চলছে। বিষয়টি জানিয়ে তারা আগেই আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিলেও এখনো কোনো কার্যকর সমাধান মেলেনি।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। হাতে সময় কম থাকায় উদ্বেগ বাড়ছে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংশ্লিষ্ট পাঁচটি বোর্ড একযোগে আবারও আইসিসিকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভিসা সংকটের পেছনে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতিই মূল কারণ বলে মনে করা হচ্ছে।
২০২৫ সালের মার্চে পেহেলগামে হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও কঠোর হয়, যার প্রভাব পড়েছে ভিসা প্রক্রিয়ায়। তবে পাকিস্তান দল এই বিষয়ে তুলনামূলক স্বস্তিতে আছে। হাইব্রিড মডেল অনুযায়ী তারা বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। ২০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চের প্রথম সপ্তাহে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.











