বাংলাদেশের আপত্তির পর বিশ্বকাপের ‘নতুন সূচি বানাচ্ছে’ জয় শাহর আইসিসি

নিজস্ব প্রতিবেদন
নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা জানানোয় টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠির পরই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যের বরাতে এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে টুর্নামেন্টের সূচি পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, সাম্প্রতিক সময়ে বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্কের অবনতি এই পরিস্থিতিকে আরও জটিল করেছে, যা অনেকটা ভারত–পাকিস্তান ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের মতো রূপ নিয়েছে।
দুই বোর্ডের মধ্যে দূরত্ব বাড়ার সূচনা হয় কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। আইপিএলের নিলামে বড় অঙ্কে দলে ভেড়ানো হলেও রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে ছাড়তে বাধ্য হয়।
রোববার বিসিবি এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়ায় তারা আইসিসিকে অনুরোধ করেছে, যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। তবে টুর্নামেন্ট শুরুর আর মাত্র এক মাস বাকি থাকায় নতুন সূচি তৈরি করা আয়োজকদের জন্য বড় ধরনের সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে ২০ দলের এই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে বিসিবি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











