সৌদি আরবের বড় প্রস্তাব ফিরিয়ে দিলো বিসিবি

নিজস্ব প্রতিবেদন
ফুটবলের মতো ক্রিকেটেও দ্রুত এগিয়ে যেতে সক্রিয় হয়েছে সৌদি আরব। ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে দেশটি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতির লক্ষ্য নিয়ে বাংলাদেশসহ কয়েকটি টেস্ট খেলুড়ে দেশের দিকে নজর দেয়।
এ উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে খেলোয়াড় ও কোচ দেওয়ার প্রস্তাব পাঠালেও তাতে সায় দেয়নি বিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যে জানা যায়, সৌদি কর্তৃপক্ষ পুরুষ ও নারী ক্রিকেটারসহ কোচ চেয়েছিল। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, নিজ দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এমন প্রস্তাবে রাজি হওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিতে সৌদি আরব উদীয়মান ক্রিকেটারদের নিয়ে দল গঠনের কৌশল ভাবছে, যেভাবে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র তাদের ক্রিকেট কাঠামো গড়ে তুলেছে।
তবে বাংলাদেশ সেই পরিকল্পনায় যুক্ত হতে আগ্রহ দেখায়নি। বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান জোরদারে সৌদি আরব ইতোমধ্যে গলফ, ফর্মুলা ওয়ান ও ফুটবলে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার মধ্য দিয়ে সেই উচ্চাকাঙ্ক্ষার প্রমাণও দিয়েছে দেশটি।
এবার আইসিসি ও এসিসির কৌশলগত সহায়তায় ক্রিকেটেও নিজেদের উপস্থিতি জানান দিতে চাচ্ছে সৌদি আরব।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.











