৭৫ লাখ রুপিতে গুজরাটে তানজিম সাকিব: আইপিএল মক নিলাম

নিজস্ব প্রতিবেদন
আইপিএলের আসন্ন নিলামকে সামনে রেখে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আয়োজন করেন একটি মক নিলাম। সেই আয়োজনেই দল পেয়েছেন বাংলাদেশি পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
অশ্বিনের ইউটিউব চ্যানেলে প্রচারিত এই মক নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয় ৭৫ লাখ রুপি। নিলামে একমাত্র গুজরাট ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখানোয় ভিত্তি দামেই তানজিমকে দলে নেয় তারা।
এর আগের দিন একই মক নিলামে দল পেয়েছিলেন আরেক বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে নিতে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে দরকষাকষি হয়। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় বেঙ্গালুরু।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের নিলামে তানজিম ও মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান এবং নাহিদ রানার নাম রয়েছে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.











