বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদন
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলা শহরের রঘুনাথপুরে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
নতুন যোগদানকারীদের ফুল দিয়ে স্বাগত জানান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী।
দলে যোগ দেওয়া নেতাদের মধ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনসহ সংগঠনের একাধিক সমন্বয়ক, সংগঠক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সক্রিয় কর্মীরা।
এ সময় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশ পুনর্গঠনের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। এই যোগদানের ফলে শেরপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবাগত নেতা ফারহান ফুয়াদ তুহিন বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখেছিলেন, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বেই সেই স্বপ্ন বাস্তব রূপ পাবে এই বিশ্বাস থেকেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.











