জামায়াত পরিশুদ্ধ বলেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট হয়েছে: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদন
জামায়াতকে এখন ‘পরিশুদ্ধ শক্তি’ হিসেবে উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, পরিশুদ্ধ না হলে মুক্তিযোদ্ধা ও বীরবিক্রমরা তাদের সঙ্গে একই জোটে আসতেন না। তার ভাষায়, দেশের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ঐক্য গড়ে উঠেছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ দাবি করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে যারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, সেই তরুণদের বড় একটি অংশ ছিল জামায়াতপন্থি। তিনি বলেন, “আমি একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আর তারা সাম্প্রতিক সময়ে দেশকে স্বৈরতন্ত্রমুক্ত করেছে—এখন আমরা একই লক্ষ্যে একসাথে।”
তিনি স্পষ্ট করেন, এলডিপি জামায়াতে যোগ দেয়নি এবং জামায়াতও এলডিপিতে আসেনি। প্রতীক ও সাংগঠনিক পরিচয় আলাদা রেখেই আসন সমঝোতার ভিত্তিতে তারা একত্র হয়েছে। যে আসনে এলডিপি প্রার্থী দেবে সেখানে জামায়াত প্রার্থী দেবে না, আবার জামায়াতের প্রার্থী থাকা আসনে এলডিপি থাকবে না।
ভারত প্রসঙ্গে অলি আহমদ বলেন, ভারতের সঙ্গে শত্রুতা নয়, তবে দেশের সিদ্ধান্ত দেশের জনগণই নেবে। দিল্লিতে সিদ্ধান্ত হয়ে বাংলাদেশে তা বাস্তবায়নের রাজনীতি তিনি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি ব্যক্তিগত লোভে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এতে ৮ দলীয় জোটটি সম্প্রসারিত হয়ে ১০ দলীয় জোটে রূপ নেয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











