আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদন
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (আসাদুজ্জামান ভূঁইয়া)-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। এর মধ্যেই তিনি এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেন। ফুয়াদ বলেন, বরিশাল-৩ আসনের প্রান্তিক ও দুর্গম এলাকায় প্রচারণা চালানো ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষের সহায়তা প্রয়োজন। পাশাপাশি তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ‘জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার’ আহ্বান জানান।
পোস্টে বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবের তথ্য যুক্ত করা হয়, যাতে আগ্রহীরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে প্রার্থীর সততা ও স্বচ্ছতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার অনেকে বাস্তব রাজনীতির প্রেক্ষাপটে বিষয়টি বিশ্লেষণ করছেন।
উল্লেখ্য, হলফনামা অনুযায়ী ব্যারিস্টার ফুয়াদের বার্ষিক আয় তুলনামূলকভাবে সীমিত, যা প্রায় সাত লাখ টাকার কিছু বেশি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











