ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার জমা দেওয়া হলফনামা অনুযায়ী, নগদ ও ব্যাংকে তার মোট সঞ্চয় প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্যে তিনি নির্বাচনী প্রচারণায় ব্যয় করবেন ২০ লাখ টাকা। পাশাপাশি প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে আরও ৫ লাখ টাকা ঋণ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রী আগে দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তবে দল ছাড়লেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন তিনি।

হলফনামা অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার বার্ষিক আয় প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর বিবরণীতে উল্লেখ করেছেন। সম্পদের তালিকায় রয়েছে উত্তরাধিকারসূত্রে পাওয়া চট্টগ্রামে পাঁচ কাঠা জমি, ঢাকায় একাধিক ফ্ল্যাট এবং ১০ ভরি স্বর্ণ।

২০১৯ ও ২০২৫ সালের হলফনামা তুলনায় দেখা যায়, এই ছয় বছরে তার বার্ষিক আয় ২২ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন মাত্র ৪ লাখ ৩৪ হাজার ১০০ টাকা।