ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বাসসকে জানান, অ্যাটর্নি জেনারেল ইতোমধ্যে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং তা রোববার রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গত ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। দায়িত্ব ছাড়ার পর তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালে ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া গ্রামে জন্ম নেওয়া মো. আসাদুজ্জামান ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তী সময়ে হাইকোর্ট বিভাগে এবং ২০০৫ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
তিনি প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র হিসেবে পেশাগত জীবন শুরু করেন, যিনি সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের পিতা।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











