ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগত সিদ্ধান্তে ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এগোনোর ইঙ্গিত দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ফরমটি সংগ্রহ করেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বর্তমান ও সাবেক কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলী হোসেন জানান, মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব কয়েকজনকে দেওয়া হয়েছিল এবং পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানাই নেবেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও জোট সমঝোতার অংশ হিসেবে আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। জোটের প্রার্থী হিসেবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা আগেই জানিয়েছেন, জোট টিকিয়ে রাখতে বিএনপি বাধ্য হয়েই আসন ছাড় দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে দলীয় ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে দল নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, সেখানে তার কিছু করার নেই।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











