ইমাম-খতিব-মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় ও উৎসব ভাতার ব্যবস্থা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদন
ক্ষমতায় এলে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচনী ইশতেহারে ধর্মীয় সেবায় নিয়োজিত ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় ও উৎসবভিত্তিক ভাতার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি তাদের কল্যাণে গঠিত ট্রাস্টগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা হবে না। একই সঙ্গে কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











