যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রের মধ্যেও যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে জানান, নির্বাচনকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই রাজনৈতিক ঐক্য গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচন সহজ হবে না এ আশঙ্কা তিনি আগেই করেছিলেন। সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, এমনকি চট্টগ্রামে বিএনপির প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনাও তার বক্তব্যকে বাস্তবতা দিচ্ছে। তিনি বলেন, নিজেদের মধ্যে মতভেদ কমিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশ বড় সংকটের দিকে যাবে।
তিনি আরও বলেন, জনগণ বিএনপির কাছে ন্যায়ভিত্তিক ও নতুনধারার রাজনীতি প্রত্যাশা করে। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে সময় লাগলেও সম্মিলিত উদ্যোগে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, এগুলো মোকাবিলা করতে না পারলে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা কঠিন হবে।
তবে ভয় নয়, সাহসের সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দেন তিনি। তার ভাষায়, ঐক্য যত দৃঢ় হবে এবং নির্বাচনের দাবি যত জোরালো হবে, ষড়যন্ত্রকারীরা ততটাই পিছু হটবে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের কথাও উল্লেখ করেন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.











