জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে বিএনপি আবারও জানিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরতে পারেন। তবে নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইঙ্গিত দেন।

তিনি বলেন, তারেক রহমান দেশে ফেরার দিন “সমগ্র বাংলাদেশ কেঁপে উঠবে”—এমন প্রত্যাশা নিয়েই দল এগোচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এটি এখন “জয়ের সংগ্রাম” উল্লেখ করে তিনি কর্মীদের ইস্পাতদৃঢ় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

মির্জা ফখরুল দাবি করেন, বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করে এবং জাতিকে এগিয়ে নিতে চায়। তিনি ১৯৭১ সালের চেতনাকে জাতির অস্তিত্ব বলে উল্লেখ করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য লড়াই চালাতে হবে, অন্যদিকে বিভ্রান্তিকর প্রচারণা ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্মশালায় অংশ নেওয়া নেতাদের উদ্দেশে তিনি বলেন, আলোচিত পরিকল্পনাগুলো শুধু নোটে সীমাবদ্ধ না রেখে জনগণের সামনে উপস্থাপন করতে হবে, তবেই তাদের আস্থা অর্জন সম্ভব।


শেষে তিনি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।