মীরগঞ্জ সেতুর কাজ দেরি হওয়ার জন্য স্থানীয়দের দায়ী করে মন্তব্য করায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর ক্ষোভ ঝাড়েন ছাত্রদল-বিএনপিসহ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তীব্র প্রতিবাদের মুখে তিনি অনুষ্ঠানস্থল থেকে সরে যেতে বাধ্য হন।


রোববার (৭ ডিসেম্বর) বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় সেতু উদ্বোধনকে ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফুয়াদ বলেন, স্থানীয় কিছু ব্যক্তি চাঁদাবাজি করায় সেতুর নির্মাণকাজ বিলম্বিত হয়েছে। তার এমন মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং স্লোগান দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।


এ সময় ফুয়াদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী মিছিলও করেন। বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন জানান, ফুয়াদের মন্তব্য অত্যন্ত আপত্তিকর ও ভিত্তিহীন।


তিনি আরও বলেন, “এ ঘটনার সঙ্গে ছাত্রদল বা বিএনপিকে জড়ানো ঠিক নয়। বিভিন্ন দলের কর্মী-সমর্থকরাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।”