নির্বাচনী প্রচারণায় হাসনাত, এক দিনে করলেন ১৮টি স্থানে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ টানা প্রচারণায় মাঠে নেমেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার ১৮টি স্থানে পদযাত্রা ও উঠান বৈঠক করেন। প্রতিটি জায়গায় উপস্থিত ভোটারদের ব্যাপক সাড়া মেলে।
দিনের শুরু হয় খাদঘর এলাকা থেকে, আর শেষ হয় আতাপুর সিরাজ মাস্টারের বাড়ির উঠান বৈঠকে। পথসভাগুলোতে হাসনাত জানান, ৯ মাসের নতুন দল হয়েও মানুষের আস্থা অর্জন করাই তার বড় সাফল্য। তিনি বলেন, “একজন রাজমিস্ত্রীর ছেলে হয়ে এমপি নির্বাচন করছি—এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। বড় কোনো বংশ নেই, টাকাও নেই, আমি আপনাদের মধ্যেকার একজন।”
আরেক পথসভায় তিনি বলেন, “চাঁদাবাজি বা অন্যায়ভাবে টাকা রোজগার করার চেয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা চাওয়া অনেক ভালো।” ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমরা ব্যবস্থা-করা এজেন্ট নেই, ৫০০ ভোটও নাও পেতে পারি—আপনারা দোয়া আর একটি করে ভোট দেবেন। ফল আল্লাহর হাতে।”
তিনি জানান, কেউ অপমান করলে ধৈর্য ধরে মোকাবিলা করবেন—“পাথর মারলে ফুল দেব, গালি দিলে সালাম দেব।”
বুধবারও তিনি গজারিয়া এলাকা থেকে শুরু করে ১৫টি স্থানে প্রচারণা চালান।
উল্লেখ্য, এ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সুযোগ পেতে পারেন বলে স্থানীয়রা মনে করছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











