বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সেই সময়ই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে গতিশীল ছিল। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–২০২৫’-এর এক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপির প্রধান লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা—যাতে সাধারণ মানুষ স্বস্তি পায়, কৃষক ন্যায্যমূল্য পান এবং শ্রমিকরা ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারেন। মাইক্রো অর্থনীতিকে শক্তিশালী করাকে সামনে রেখে দলের পরিকল্পনা সাজানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৫ বছরের লুটপাট, দুর্নীতি এবং ব্যাংক কেলেঙ্কারির কারণে প্রায় ১৪ লাখ মানুষ কর্মহীন হয়েছে, বহু কারখানা বন্ধ হয়ে গেছে। তিনি মনে করেন, এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে এবং অচল শিল্পকারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিতে হবে।